পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম তাপস (চৌধুরী) সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের আইন সম্পাদক ব্যারিস্টার শ ম রেজাউল করিমকে ‘দুমুখো সাপ’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত পোস্ট দিয়েছেন।
শনিবার (৩১ মে) সন্ধ্যা ৬টায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে তাপস এই মন্তব্য করেন।
পোস্টে তাপস লেখেন, “আপনি ভালো আইনজীবী হতে পারেন, কিন্তু ভালো মানুষ নন। নিজের প্রয়োজনে কোনো ভয়ংকর কাজ করতে দ্বিধা করেন না।” তিনি শ ম রেজাউল করিমের অতীতের নানা ঘটনা তুলে ধরে দাবি করেন, ওয়ান-ইলেভেনের সময়কার তার কথিত রাজনৈতিক ভূমিকা ও বর্তমানের নানা দাবি–দাওয়ার মধ্যে অসংগতি রয়েছে।
তাপসের অভিযোগ, রেজাউল করিম বলেছিলেন তাকে সভাপতি বানাতে টাকা খরচ করেছেন, অথচ তিনি কোনো টাকা গ্রহণ করেননি। “আপনি যদি টাকা দিয়ে আমাকে সভাপতি বানিয়ে থাকেন, তাহলে সেই টাকার প্রমাণ দিন। জেলা ছাত্রলীগের সভাপতি ইতিমধ্যেই সেটি প্রত্যাখ্যান করেছেন,” বলেন তাপস।
তিনি আরও বলেন, রেজাউল করিমের দেশত্যাগের সময় তিনি নিজেই তাকে সীমান্ত পর্যন্ত পৌঁছে দিতে চেয়েছিলেন, কিন্তু টাকা গ্রহণ না করায় রেজাউল ক্ষুব্ধ হন। লিফটের ভেতর তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়, যা অপহরণ বা ধাওয়া দেওয়ার ঘটনা নয়।
এছাড়া শ ম রেজাউল করিমের মেয়ে লন্ডনে খ্রিস্টান ব্রিটিশ নাগরিককে বিয়ে করার প্রসঙ্গ টেনে তাপস বলেন, “আপনার মুখে ইসলামের দোহাই, অথচ ব্যক্তিজীবনে দ্বিচারিতা ফুটে ওঠে।”
প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রেজাউল করিম দেশ ছেড়ে পালান। পরে এক ইউটিউব সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম তাপস তাকে অপহরণের চেষ্টা করেছিল এবং ১২ কোটি টাকা দাবি করেছিল। তবে তাপসের বক্তব্যে সেই অভিযোগের সম্পূর্ণ বিপরীত চিত্র উঠে এসেছে।
ঘটনার প্রকৃত সত্য এখনো স্পষ্ট নয়, তবে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে উত্তাপ ছড়িয়েছে।