সোহেল রানা, সিংগাইর:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২১ মে) রাত ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ঢোনখালপাড় এলাকায় নিজ বাড়ি থেকে অভিযুক্ত মোঃ লিটন মোল্লা (৩০) কে আটক করা হয়। তিনি ঐ এলাকার মোঃ ঝুমুর উদ্দিনের ছেলে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সিংগাইর থানার এসআই পার্থ শেখর ঘোষ-এর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় লিটনের বাড়িতে তল্লাশি চালিয়ে তার দখল হতে প্রায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত লিটন মোল্লা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ রয়েছে।
ওসি তৌফিক আজম আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে তাকে মানিকগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।