সোহেল রানা, সিংগাইর প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে মোঃ রাহুল আহমেদ খান (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৯ মে) রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর কোল (খাল) পার হানিফের ডাঙ্গার পাশে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
নিহত রাহুল ধল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও মেদুলিয়া গ্রামের মোঃ নজরুল ইসলাম খানের ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আহত রাসেল জানান, প্রায় ১০ দিন আগে পাশের কামুরা গ্রামের কয়েক যুবকের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। সেই ঘটনার জেরে সোমবার রাতে ২০ থেকে ২৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
রাসেল জানান, তিনি ও কয়েকজন দৌড়ে পালাতে সক্ষম হলেও রাহুলকে ঘটনাস্থলে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হামলায় মোঃ তরিকুল ও মোঃ রাজিব নামে দুইজন রাসেলকে তাড়া করে মারধরের চেষ্টা করে।
আহত আরেকজন, আসিফ, জানান— হামলাকারীরা বাঁশের লাঠি, রড ও ছুরি নিয়ে আক্রমণ করে। তাকে মারধর করে আহত করা হয় এবং রাহুলকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।
নিহত রাহুলের বাবা নজরুল ইসলাম খান বলেন, “আমি দোকান থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহ পড়ে আছে। ওর সারা শরীরে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল।”
এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে. ও. এম তৌফিক আজম জানান, “ঘটনার পরপরই অভিযান শুরু হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।