বগুড়ার ধুনট উপজেলায় বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার বাবা-মাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর পাশার ছেলে নাফিজ ফয়সাল আকাশের (২৫) বিরুদ্ধে।
অভিযুক্ত আকাশকে নিজেই পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা, যা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ দীর্ঘদিন ধরে ওই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। এ বিষয়ে ছাত্রীটির পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় ধুনটের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় আকাশ ছাত্রীটির বাড়িতে গিয়ে তার বাবা ও মাকে কুপিয়ে আহত করে।
আহতদের মধ্যে ছাত্রীটির মাকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পরপরই আকাশের বাবা, বিএনপি নেতা আবুল মুনছুর পাশা, স্থানীয় থানা পুলিশকে খবর দেন এবং রাত ৮টার দিকে নিজেই ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। পরদিন শনিবার (১৭ মে) বিকেল ৫টায় আকাশকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
ঘটনা নিয়ে আবুল মুনছুর পাশা নিজের ‘ভিপি পাশা’ নামের ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দেন। তিনি লেখেন, “আমি আপসহীন নেত্রীর কর্মী। কোনো অন্যায়ের সঙ্গে আপস করতে জানি না। আমার বুকের পাঁজর ফেটে গেলেও আমি নিজেই আমার কলিজার টুকরা ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছি। আল্লাহ ভরসা।”
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, আকাশকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে যথাযথ মামলার প্রক্রিয়া শুরু করা হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে—যেখানে একজন রাজনীতিক নিজের সন্তানকেও আইনের আওতায় আনতে দ্বিধা করেননি।