আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০/৮০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় ছয় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ এনেছে।
এখনো আগুনের উৎস সম্পর্কে জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতি নির্ধারণের চেষ্টা চলছে বলে জানান তারা। তবে ধারণা করা হচ্ছে এতে কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারে বৃহস্পতিবার (১৫মে) রাত ২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূচনা হয়।
মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। বিশেষ করে কাপড় পট্টি, বানিয়া পট্টি ও মুরগি পট্টি নামে পরিচিত তিনটি গলি অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে জানা গেছে
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, সকাল আটটার দিকে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে ওই বাজারের ৭০ হতে ৮০ টি দোকান পুড়ে গেছে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, আগুনের উৎস সম্পর্কে এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতি নির্ধারণের কার্যক্রম চলছে। তিনি বলেন,আগুনের খবর পেয়ে রাত ২টার কিছুটা পরে ঘটনাস্থলে পৌঁছান তারা। পরে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে গভীর রাতে শ্রীনগর বাজারে আগুন দেখা দেয়। আগুন দেখা দেওয়ার পর নিয়ন্ত্রণে কাজ করতে থাকে তারা। একটি গলিতে আগুন নিয়ন্ত্রণে এলে অন্য গলিতে তা আবার নতুন করে ছড়িয়ে পড়ে।
ফলে পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসকে হিমশিম খেতে হয়। তবে ফায়ার সার্ভিসের দক্ষতা ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
আগুন নেভানোর কাজে স্থানীয় পুলিশ ও দোকানদাররাও সহায়তা করেছেন। এই অগ্নিকাণ্ডে শ্রীনগর বাজারের ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। কান্না, হতাশা ও আতঙ্কে ভারী হয়ে উঠেছে পুরো বাজার এলাকার পরিবেশ।