সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
আজ ০২ মে শুক্রবার সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা সীমান্ত এলাকায় দুই বাংলাদেশি যুবককে (মামা-ভাগনে) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করেছে।
আটক হওয়া যুবকরা হলেন রিমন ইসলাম (১৭) ও সাজেদুল ইসলাম (২৪)। রিমন পাটগ্রামের গাটিয়ার ভিটা এলাকার মোস্তাক মিয়ার পুত্র এবং সাজেদুল বগুড়ার শেরপুরের সাইফুল ইসলামের ছেলে ।
ওই দিন সন্ধ্যা ৬টার দিকে ৮২৫ নম্বর সাব-পিলারের ১নং পিলার সংলগ্ন এলাকায় একটি চা বাগানের ছবি তুলছিলেন রিমন ও সাজেদুল।
এ সময় ভারতের কোচবিহার ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমিত ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে ভারতে নিয়ে যায় । বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ছবি তোলার সময়ই তাদের আটক করা হয় ।
আটক দুই যুবককে ফিরিয়ে আনতে ধবলসুতি বিজিবি ক্যাম্প পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে ।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি আলোচনার মাধ্যমে তাদের ফেরত আনার চেষ্টা করছে ।
তবে বিজিবি রংপুর ৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুমের সাথে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানা গেছে ।
এটি গত কয়েকদিনে সীমান্তে ঘটে যাওয়া একাধিক আটকের মধ্যে সর্বশেষ ঘটনা। এর আগে:
উল্লেখ্য ২ মে দিনাজপুরের বিরল সীমান্তে দুই বাংলাদেশি কৃষককে আটক করলে স্থানীয়রা দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে উভয় পক্ষ নাগরিক বিনিময় করে ।
এর আগে ১৮ এপ্রিল পাটগ্রামের বাউড়া ইউনিয়নে আজিনুর রহমান নামে এক যুবককে ভারতীয়রা আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। বিজিবি তখনও পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত আনার চেষ্টা করছে ।
আটক দুই যুবকের পরিবার ও স্থানীয় বাসিন্দারা তাদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন। বিএসএফের সাথে চলমান আলোচনার ফলাফলের ওপর এখন সবাই নজর রাখছেন।
সীমান্ত সংঘাত ও নাগরিক আটকের ঘটনায় বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিত পতাকা বৈঠক ও কূটনৈতিক আলোচনা চলে। তবে সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উভয় দেশের স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে।