জাবের হোসেন, (ফটিকছড়ি প্রতিনিধি)
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক উল আযমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
সোমবার (২১ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌহিদ এলাহী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অননুমোদিতভাবে ইউনিয়ন পরিষদের সরকারি গাছ আত্মসাতের উদ্দেশে কর্তন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকারের কাছে অনুরোধ করেছিলেন জেলা প্রশাসক।
যেহেতু চেয়ারম্যানের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগ তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে,
সেহেতু সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক উল আযম কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী। তিন বলেন, বখতপুর ইউপি চেয়ারম্যান ফারুক উল আযমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি তিনটি সরকারি সেগুণ গাছ অনুমোদন না নিয়ে কেটে আত্মসাৎ করার চেষ্টা করেছিলেন।
পরে আমরা গাছগুলো জব্দ করেছি। পরশু সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত সংক্রান্ত একটি চিঠি পেয়েছি।