সোহেল রানা, সিংগাইর:
মানিকগঞ্জের সিংগাইরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো জয়মন্টপ প্রিমিয়ার লিগ (জেপিএল) সিজন সেভেনের ফাইনাল খেলা।
ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মাত্র ১ রানের ব্যবধানে ভাকুম সমাজ কল্যাণ পরিষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সুপার স্ট্রাইকার্স অব জিরো সেভেন জিরো নাইন।
শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১টায় সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ওষুধ শিল্পের সহযোগী প্রতিষ্ঠান “দি প্লাস্টিসিটি” কোম্পানির সার্বিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল ঘিরে ছিল স্থানীয় ক্রীড়ামোদীদের উপচে পড়া ভিড়।
জেপিএলের সপ্তম আসরে মোট পাঁচটি দল অংশ নেয়—ভাকুম সমাজ কল্যাণ পরিষদ, নয়াপাড়া গাজিন্দা একাদশ, দশানি টাইগার্স, সুপার স্ট্রাইকার্স অব ০৭০৯ এবং দেউলি সুপার কিংস। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফাইনালে পৌঁছায় ভাকুম সমাজ কল্যাণ পরিষদ ও সুপার স্ট্রাইকার্স অব ০৭০৯।
ফাইনাল ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন তুষার এবং ‘ম্যান অব দ্য সিরিজ’ হন কৌশিক। আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোজাম্মেল হাবিবুল্লাহ ও লিটন আহমেদ।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি প্লাস্টিসিটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ শিল্প উদ্যোক্তা মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে সংবর্ধিত করা হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তিন তারকা—জাবেদ ওমর বেলিম, মোঃ হাবিবুল বাশার সুমন ও মোহাম্মদ আশরাফুলকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেপিএলের সভাপতি মোঃ ফয়েজুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মোজাফফর হোসেন জিকু।
এছাড়াও উপস্থিত ছিলেন সায়ান রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুর রহমান সাঈফ, জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুল আলম মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান বাচ্চু, জয়মন্টপ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক সুব্রত কুমার নিক্কন,জয়মন্টপ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: পারভেজ খান সুরুজ সহ প্রায় ১০ হাজার দর্শক।
বিকেল ৬টায় বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে শেষ হয় এবারের জয়মন্টপ প্রিমিয়ার লিগ।