সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির জানালার গ্রিল ভেঙ্গে পালানো আসামি রয়েল হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ।
দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে ২৩ মার্চ রবিবার রাত ৪ ঘটিকার সময় নবাবগঞ্জ থানা অধীনে কুশদহ ইউনিয়নের কাজীপাড়া গ্রাম থেকে মাদক ব্যবসায়ী মোঃ রয়েল (৩০) কে ৩ বোতল ফেনসিডিল সহ আটক করে। তার পিতা মৃত ছাকাত আলী।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল মতিন জানান, আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ সিরাজুল হক এবং সঙ্গীয় ফোর্স সহ সেনাবাহিনীর সদস্যরা গত রবিবার রাতে যৌথ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ রয়েল বাবুকে তার নিজ বাড়ির গোয়ালঘরের ভিতর থেকে ফেনসিডিল সহ আটক করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।
জিজ্ঞাসাবাদ চলাকালে একপর্যায়ে সেহরির সময় পুলিশ সদস্যদের ব্যস্ততার সুযোগে আসামী রয়েল হোসেন ওই ঘরের পেছন দিকের জানালার গ্রিল ভেঙ্গে পালিয়ে যান। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং পুনরায় তাকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হয়।
অবশেষে ২৪ মার্চ রাত ১২ ঘটিকার সময় পার্বতীপুর থানার দক্ষিণ মধ্যপাড়া গ্রাম থেকে মোঃ রয়েলকে পুনরায় গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ওসি মোহাম্মদ আব্দুল মতিন আরো জানায়, আসামীর কাছে থাকা ফেনসিডিলের উৎস এবং মূল হোতা সম্পর্কে আরও তথ্য জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। অভিযানের পর, পুলিশ আরও তদন্ত কার্যক্রম চালাবে।