নূরুল আলম কামাল নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়ায় অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। বুধবার বিকালে উপজেলার দলপারামপুর এলাকায় ঢাকা ব্রিকস নামের একটি ভাটায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকায় ভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার বিকেলে নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।
পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে কেন্দুয়া উপজেলা প্রশাসন মেসার্স ঢাকা ব্রিকস নামক একটি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পায়নি ভ্রাম্যমাণ আদালত। পরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর ধারা-৫(১)(২)(৩) অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়।
নেত্রকোনা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন বলেন, বুধবার দুপুরে কেন্দুয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ঢাকা ব্রিকস নামের একটি ইট ভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলায় যে সকল অবৈধ ইট ভাটা রয়েছে এগুলোতে পর্যায়ক্রমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড সহ ইটবাটা বন্ধ করে দেওয়া হবে।