রাজধানী ঢাকা থেকে অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ময়দান প্রস্তুতির কাজ। আগামী ৩১ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে শূরায়ী নেজামের ইজতেমা, যা ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এরপর, চারদিন বিরতির পর ৭ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের ইজতেমা।
বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে আশপাশের জেলা থেকে হাজারো স্বেচ্ছাসেবী ময়দানে আসছেন। তারা বিনাশ্রমে বিভিন্ন প্রস্তুতি কাজ করে চলেছেন। ১৬০ একর বিশাল ময়দানে শামিয়ানা টানানো, খিত্তায় খিত্তায় বাঁশের খুঁটি স্থাপন, টয়লেট পরিষ্কার করা, বিদ্যুৎ সংযোগ স্থাপনসহ আরও নানা কাজ চলছে।
ময়দানের উত্তর-পশ্চিম কোণে বিদেশি মেহমানদের জন্য বিশেষ নিবাস এবং মূল বয়ান মঞ্চ নির্মাণ করা হচ্ছে। বয়ান মঞ্চের কাজও এগিয়ে চলছে এবং আগামী সপ্তাহের মধ্যে ময়দানের প্রস্তুতি কাজ সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন স্বেচ্ছাসেবীরা।
ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়দানে কাজ করতে আসা দিদারুল আলম (৪৯) বলেন,আমরা একটি দল ময়দানে স্বেচ্ছাশ্রমে কাজ করতে এসেছি। মাঠে খুঁটি গাঁড়া, শামিয়ানা টানানোসহ নানা প্রস্তুতি কাজ করছি। আশা করছি, ইজতেমা শুরুর ৩/৪ দিন আগে ময়দানের প্রস্তুতি সম্পন্ন হবে, ইনশাআল্লাহ।
ময়দানের মূল বয়ান মঞ্চ নির্মাণের দায়িত্বে থাকা মোশাররফ হোসেন জানান, বয়ান মঞ্চের প্রস্তুতি কাজ এগিয়ে চলছে। গত ১৬ বছর ধরে বিশ্ব ইজতেমার বয়ান মঞ্চ তৈরি করছি এবং আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হবে।
এদিকে, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান জানান, আমরা আশা করছি প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে ময়দানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতি ত্বরান্বিত হওয়ায়, মুসল্লিরা আগমনের আগেই ময়দানে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার ব্যাপারে আশাবাদী।