মো:তানসেন আবেদীন: নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে তিতাসের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিতাসের সোনারগাঁ অফিসের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন গুরুতর আহতসহ মোট ৬ জন আহত হয়েছেন।
বুধবার (০৮.০১.২৫)দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের মিরেরটেক বাজারে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিডেট কোম্পানির সোনারগাঁ জোনের ম্যানেজার প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল আজিম বলেন,উপজেলার সাদিপুর ইউনিয়নের মিরেরটেক, মৈষটেক,নয়াপুর বাজারসহ অত্র এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়রা ব্যবহার করে আসছিল।
তিনি আরও বলেন, অভিযানে মৈষটেক এলাকার প্রায় সাড়ে ২৫০ ফুট গ্যাস লাইন তুলে ফেলা হয় ও ২’শ বাড়ির প্রায় ২৫০ আবাসিক চুলার লাইন বিচ্ছিন্ন করা হয়। পরে মিরেরটেক বাজারে অভিযান পরিচালনা করতে গেলে ওই এলাকার প্রায় ৫০/৬০ জনের স্থানীয় একটি দল লাঠিসোঁটা, লোহার পাইপসহ অতর্কিত হামলা করে ও ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন গুরুতর হন।এছাড়াও অফিস সহকারী খইয়ম বেপারী,গ্যাস বিচ্ছিন্নকারী টিমের ইব্রাহিমসহ ২ জন শ্রমিক ও পুলিশ লাইনের ২ পুলিশ সদস্য আহত হন। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
হামলার খবর পেয়ে সোনারগাঁ থানা ও তালতলা ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তালতলা ফাঁড়ির ওসি ফেরদৌস ইসলাম বলেন,তিতাস গ্যাসের অভিযানে হামলার ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা করার প্রস্তুতি চলছে।