আক্কাছ আলী (মুন্সীগঞ্জ প্রতিনিধি):
মুন্সিগঞ্জের গজারিয়া ভাটেরচর বাসস্ট্যান্ডে এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৩০-এর অধিক দোকান। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়ন ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় আলী আহমেদ মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে গজারিয়া ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে উপজেলার আরেক ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট যুক্ত হয়। দুইটি স্টেশনের ৪টি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ বিষয়ে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার রিফাত মল্লিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি বাজারের একটি সেলুনের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এরপর আশপাশের মুদি দোকান, ডিমের দোকান, প্লাস্টিকের দোকান ও হার্ডওয়্যারের দোকান, কাঁচামাল, ফার্মেসিসহ অন্তত ৩০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। চারটি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।