আবুল হাসনাত রিন্টু, ফেনী: ফেনীতে প্রাইভেটকারে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বহনকালে প্রাইভেটকারসহ এক যুবকে গ্রেপ্তার করেছে র্যাব। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মধ্যম রামপুর এলাকা থেকে মাদকবোঝাই কারসহ মো. মোস্তাক (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম।
গ্রেপ্তার মোস্তাক কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চিওড়া এলাকার আব্দুল গফুরের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে, মধ্যম রামপুর এলাকার র্যাব ক্যাম্প সংলগ্ন মদিনা অটো গ্যারেজের সামনে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়। এ সময় কুমিল্লা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে গাড়ি থামিয়ে এক ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে র্যাব তাকে ধাওয়া করে আটক করে। পরে প্রাইভেটকার তল্লাশি করে ৩৯৯ বোতল ফেনসিডিল ও ২৫ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব। এ সময় মাদকসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে জানায় সে দীর্ঘদিন ধরে সুকৌশলে মাদকদ্রব্য কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম ও কঙবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।তাকে ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।