মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক শিশুকে জরুরি চিকিৎসা সেবা দিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কোস্ট গার্ড।
সোমবার (১৩ এপ্রিল) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে এমভি কর্ণফুলি-৩ লঞ্চে করে উন্নত চিকিৎসার জন্য ৬ মাস বয়সী অসুস্থ শিশুকে নিয়ে যাত্রা করছিলেন এক মা। দুপুর ১টার দিকে লঞ্চটি মুন্সিগঞ্জের মোহনপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে অক্সিজেনের অভাবে শিশুটির শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে এবং তার জীবনঝুঁকি তৈরি হয়।
এ সময় লঞ্চে থাকা শিশুটির দাদা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিক্যাল টিম ঘটনাস্থলে পাঠানো হয়।
পরবর্তীতে হাই-স্পিড বোটে করে মেডিক্যাল টিমটি লঞ্চে পৌঁছে শিশুটিকে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে। শিশুটির অবস্থার উন্নতি নিশ্চিত করতে দ্রুত তাকে কোস্ট গার্ডের বোটে করে সদরঘাটে নিয়ে আসা হয়।
পরে সেখান থেকে একটি সিভিল অ্যাম্বুলেন্সের মাধ্যমে মা ও শিশুকে রাজধানীর শ্যামলীর মা ও শিশু হাসপাতালে পাঠানো হয়।
কোস্ট গার্ডের এমন দ্রুত ও মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।