নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়ায় ২৮কেজি গাঁজাসহ জিল্লুর রহমান (৪৪) নামের এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার নেত্রকোনা-আঠারবাড়ী সড়কের দামিনা মোড় থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ৮ লক্ষ ৪০ হাজার টাকা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ জিল্লুর রহমানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কেন্দুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
আটক জিল্লুর রহমান পাশের জেলা কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার নন্দরামপুর ইউনিয়নের দক্ষিন নন্দরামপুর গ্রামের একদিল মিয়ার ছেলে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী মাকসুদ জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান করে জিল্লুর নামে একজনকে ২৮কেজি গাঁজাসহ আটক করেছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে কেন্দুয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
ওসি আরও বলেন, আসামী জিল্লুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে আছে। আগামীকাল মঙ্গলবার তারা আসামীকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করবে। এছাড়াও মামলার তদন্ত কাজও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর করবে।