নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে ৬শ বোতল ভারতীয় ‘ফেয়ারডিল’ সহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে পৌর শহরের বুরুঙ্গা ভাঙা ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে বিকালে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলার চারিয়া মাসকান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. নাসির উদ্দিন (২৮) ও একই গ্রামের তারা মিয়ার ছেলে মো. আলী আকবর (২৫)।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, মাদকদ্রব্য পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বুরুঙ্গা ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই যুবক পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা চার বস্তায় ৬শ বোতল ভারতীয় মাদক ‘ফেয়ারডিল’ জব্দ করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি তারা মাদক ব্যবসায়ী। তাদের সঙ্গে আরও বড় একটি চক্র জড়িত রয়েছে। তারা এসব মাদকদ্রব্য এখান থেকে ময়মনসিংহ ও ঢাকার বিভিন্ন এলাকায় পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সীমান্তবর্তী এই এলাকায় মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।