মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
কারাগার থেকে বের হচ্ছেন বাউলশিল্পী আবুল সরকার। সোমবার বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট ২ ফটকে
জামিনে কারামুক্ত হয়েছেন বাউলশিল্পী আবুল সরকার। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ২ থেকে তিনি মুক্তি পান। ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে।
আবুল সরকারের মুক্তির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ২–এর জেল সুপার হালিমা খাতুন। এর আগে ৫ এপ্রিল উচ্চ আদালত থেকে এই বাউলশিল্পীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।
কারা কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, আবুল সরকারের জামিনের কাগজ গতকাল রোববার কাশিমপুর কারাগারে পৌঁছায়। জামিনের কাগজ যাচাই-বাছাই শেষে আজ বেলা সোয়া ১১টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময় কারাফটকে তাঁর স্বজন ও ভক্তরা উপস্থিত ছিলেন।
গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা ও আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তাঁর মন্তব্যের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়।