মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলা প্রত্যাহার এবং অভিযুক্ত এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জেলার সংবাদকর্মীরা। একই সঙ্গে প্রশাসনকে সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মো. মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের ভিডিওসহ সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের করা হয়েছে। তারা দাবি করেন, এ মামলা হয়রানিমূলক এবং অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে ওই কর্মচারী ঘুষ বাণিজ্যের মাধ্যমে স্বাস্থ্য বিভাগকে জিম্মি করে রেখেছেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধন থেকে জানানো হয়, সাত কর্মদিবসের মধ্যে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। এর মধ্যে প্রশাসনের বিভিন্ন দপ্তরের সংবাদ প্রকাশ বন্ধ রাখার মতো সিদ্ধান্তও রয়েছে।
অনুষ্ঠানে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক গোলজার হোসেনসহ জেলার বিভিন্ন সাংবাদিক নেতারা বক্তব্য দেন। তারা বলেন, সাংবাদিকদের ওপর হয়রানি বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।
মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।