মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে প্রাইভেটকারে করে বিয়ার বহনের সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ২৩৪ ক্যান বিয়ার এবং ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুর ২টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের মুক্তারপুর টোল প্লাজা সংলগ্ন পাকা রাস্তার ওপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নারায়ণগঞ্জ জেলার গোগনগর এলাকার হাবিবুর রহমান ওরফে রাসেল ওরফে শান্ত (৩৮), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার পাঁচরুখী গ্রামের মো. রিপন মিয়া (৩৬) এবং রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বাসিন্দা প্রাইভেটকারচালক আব্দুর রহিম (৩৫)।
পুলিশ জানায়, ঢাকা মেট্রো-গ ৩৭-৬৭৩৩ নম্বরের একটি টয়োটা এক্সিও প্রাইভেটকারের ব্যাকসিটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ২৩৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ সময় গাড়িসহ তিনজনকে আটক করা হয়।
মুন্সিগঞ্জ গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেল জানান, আটক ব্যক্তিরা মাদকদ্রব্য নিয়ে মুন্সিগঞ্জ হয়ে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।