মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ডার্ড গ্রুপের কারখানার শ্রমিকরা তাদের বকেয়া পাওনা পরিশোধ ও কারখানা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছেন।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে জেলার শ্রীপুর উপজেলার সাটিয়াবাড়ী ও রাজেন্দ্রপুর এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে ভুক্তভোগী শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম বলেন, দীর্ঘদিন ধরে কারখানাটি বন্ধ রয়েছে এবং মালিক পলাতক। শ্রমিকদের বকেয়া বেতন, প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস বেনিফিট ও অর্জিত ছুটির টাকাসহ কোনো পাওনাই এখনো পরিশোধ করা হয়নি।
তিনি আরও জানান, ২০২৩ সালের ২৮ নভেম্বর একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেও তা বাস্তবায়ন হয়নি। চুক্তিতে শ্রম আইন অনুযায়ী প্রাপ্য সুবিধার পরিবর্তে মাত্র ৫০ শতাংশ পরিশোধের কথা উল্লেখ ছিল।
বক্তারা অভিযোগ করেন, শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য সরকার থেকে প্রায় ১৩ কোটি টাকা ঋণ নেওয়া হলেও তা সঠিকভাবে বিতরণ করা হয়নি। বিভিন্ন আন্দোলনের মাধ্যমে প্রায় ১১ কোটি টাকা বিতরণ করা হলেও এখনও বিপুল পরিমাণ অর্থ বকেয়া রয়েছে।
তারা আরও অভিযোগ করেন, কারখানার মালিকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। মালিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির কথাও শোনা গেলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি।
ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ডাইং শাখার সিনিয়র অপারেটর রুবেল আহমেদ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে দ্বারে দ্বারে ঘুরছি, কিন্তু এখনো আমাদের পাওনা পাইনি।”
এ বিষয়ে কারখানাটির ফাইন্যান্স ম্যানেজার আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—গাজীপুর জেলা বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামালসহ শ্রমিক নেতা মো. শরীফ, মো. হাবিবুর রহমান হাবিব, আবুল হোসেন জুয়েল, আনোয়ার হোসেন, এয়াকুব আলী, রহিম বাদশা ও ফারুক আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।