নরসিংদীর মাধবদীতে আয়োজিত একটি কুলখানি অনুষ্ঠান চলাকালে হুড়োহুড়ি করে অনুষ্ঠানের মাঠে প্রবেশ করতে গিয়ে ধাক্কাধাক্কি ও পদদলিত হয়ে অন্তত শিশু সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর সদর উপজেলার মাধবদী পৌর এলাকার ভগিরথপুর মহল্লায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন—আব্দুল মান্নান, আফাজ উদ্দিন, কাদির মিয়া, সুমন আহমেদ, জাকারিয়া, ইব্রাহিমসহ আরও কয়েকজন। ঘটনার পর আহত কয়েকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্থানীয়রা জানায়, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও শিল্পপতি আব্দুল মোমেন মোল্লার প্রয়াত পিতা লাল মিয়া মোল্লার কুলখানি ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়। এতে ভগিরথপুরসহ আশপাশের এলাকা থেকে প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ অংশ নিতে জড়ো হন।
জুমার নামাজ শেষে অনুষ্ঠান শুরু হলে বিদ্যালয়ের গেট খুলে দেওয়া হয় যেন আগত মেহমানরা খাবারের জন্য বসতে পারে। এসময় প্রায় শত শত মানুষ হুড়োহুড়ি করে মাঠে প্রবেশ করতে গিয়ে ধাক্কাধাক্কি ও পদদলিত হয়ে অন্তত ১৫ জন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বলেন, ‘কুলখানি অনুষ্ঠানের জন্য পূর্বানুমতি নেওয়া হয়নি। পদদলিত হয়ে আহত হওয়ার বিষয়ে আমি এখনও বিস্তারিত অবগত নই।’
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফরিদা গুলশান আরা কবির বলেন, ‘আহত চারজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’