চীনের উপহারের ১,০০০ শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে জেলার টেক্সটাইল মাঠে হাসপাতালের নির্ধারিত স্থান পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এসময় সচিব জানান, নীলফামারীর ভৌগোলিক অবস্থান, সড়ক, রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সম্ভাবনা বিবেচনায় এখানে বৃহৎ পরিসরে চিকিৎসা অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, এক হাজার শয্যাবিশিষ্ট এই হাসপাতালের মধ্যে ৫০০ বেড সাধারণ চিকিৎসাসেবার জন্য এবং বাকি ৫০০ বেড বিশেষায়িত চিকিৎসাসেবার জন্য নির্ধারিত থাকবে। হাসপাতালের নকশা প্রণয়নে গণপূর্ত, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর ও এনএপিডি যৌথভাবে কাজ করবে। আগামী ১৬ তারিখের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হবে।
এছাড়া, নীলফামারী মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস হাসপাতালের নিকটবর্তী স্থানে স্থাপনের পরিকল্পনার কথাও জানান সচিব। এতে শিক্ষার্থীরা আধুনিক চিকিৎসা প্রযুক্তি ব্যবহার করে বাস্তবভিত্তিক শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।