নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়ায় সালমা আক্তার (২০) নামের এক গৃহবধূ আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সকাল ১০টার দিকে পরিবারের লোকজন বসত ঘরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। খবর পেয়ে থানার পুলিশ এসে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। তবে স্থানীয়রা মনে করেন আত্মহত্যার পিছনে পারিবারিক কলহ রয়েছে।
গৃহবধূ সালমা আক্তার উপজেলার মাসকা ইউনিয়নের জয়কা গ্রামের মন্টি মিয়ার স্ত্রী।
শুক্রবার বিকালে কেন্দুয়া থানার ওসি মো. মেহেদী মাকসুদ গৃহবধূর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সালমা আক্তারের বাবার বাড়ি সান্দিকোনা ইউনিয়নের দূরচাপুর গ্রামে। তিনি গত বছর এসএসসি পাশ করেন। সাত মাস আগে পারিবারিকভাবেই একই উপজেলার মাসকা ইউনিয়নের জয়কা গ্রামের মন্টি মিয়ার সাথে বিয়ে হয়। বিবাহের পর থেকেই তিনি স্বামীর বাড়ি জয়কা গ্রামে বসবাস করতেন। সালমা আক্তারের স্বামী মন্টি মিয়া কুমিল্লা বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। স্বামীর অনুপস্থিতিতেই নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে সালমা।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।