মহরম হাসান মাহিম,খুলনা
খুলনার কয়রা উপজেলায় আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। টানা দুই দিনের অনুসন্ধান শেষে বৃহস্পতিবার দুপুরে আড়পাঙ্গাসিয়া নদী থেকে তাদের মরদেহ ভেসে ওঠে।
নিহতরা হলেন উপেন মৃধা (৫০) ও মুকেন্দ মণ্ডল (৪২)। উদ্ধারকারী দল জানায়, উপেন মৃধার মরদেহ নদীর তীরবর্তী এলাকায় এবং মুকেন্দ মণ্ডলের মরদেহ নদীর ত্রিমোহনা এলাকায় ভেসে ওঠে। পরে স্থানীয়দের সহায়তায় পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
আংটিয়ারা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, নিখোঁজ দুই জেলের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলে মাছ ধরার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে জেলেদের নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা একজন জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও উপেন মৃধা ও মুকেন্দ মণ্ডল নিখোঁজ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।