মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকেলে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এই কর্মসূচি পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. টি. এম. কামরুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, একাডেমিক সুপারভাইজার জিনাত রেহানা শারমীনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিজ্ঞান মেলায় মাধ্যমিক পর্যায়ের স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ১৮টি স্টল স্থাপন করা হয়। এসব স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও গবেষণাধর্মী কাজ উপস্থাপন করে, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। একই সঙ্গে অনুষ্ঠিত বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখে।
পরে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে দুটি ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তিনির্ভর চিন্তাধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে উদ্ভাবনভিত্তিক বাংলাদেশ গঠনে এই উদ্যোগ বিশেষ সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ আয়োজনটি অনুষ্ঠিত হয়।