সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতীবান্ধা এলাকার গুরুত্বপূর্ণ জোড়াখাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনী।
স্থানীয়রা জানান, প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের এ খাল পুনঃখননের জন্য মোট ৫১ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা হারিয়ে ফেলায় আশপাশের এলাকায় পানি নিষ্কাশনে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং কৃষিজমিতে পানি জমে থাকার সমস্যা দেখা দিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনী বলেন, জোড়াখাল পুনঃখনন কাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে। এতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টারসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।