নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার কলমাকান্দায় পানি নিষ্কাশনের প্রধান পথ বক্স কালভার্টের মুখ বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন কৃষকরা। জলাবদ্ধ হয়ে নষ্ট হতে পারে কৃষকের কষ্টার্জিত একমাত্র ফসল বোরো ধান। এমন আশঙ্কায় ১০০ একরের বেশি ফসলি জমি নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা। এ নিয়ে স্থানীয় কৃষকরা ক্ষোভে ফুঁসছে। ঘটতে পারে যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রামনাথপুর সীমান্ত সড়কের পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় তারা ব্যানার-প্ল্যাকার্ড হাতে কালভার্টের মুখ খুলে পানি চলাচল স্বাভাবিক করার জোর দাবি জানান। মানববন্ধন থেকে অবিলম্বে প্রশাসনের কাছে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অতি বৃষ্টির হওয়ার আগেই কৃষিজমি রক্ষা করা সম্ভব হয় এবং কৃষকরা সর্বনাশের হাত থেকে বাঁচতে পারেন।
স্থানীয়দের দাবি, রামনাথপুর পূর্বপাড়ার বিস্তীর্ণ কৃষিজমির পানি এতদিন বক্স কালভার্ট দিয়ে বুইদ্ধার বিল হয়ে সীমান্তঘেঁষা খাল দিয়ে নিষ্কাশন হতো। কিন্তু সম্প্রতি কালভার্টের মুখে মাটি ফেলে পানি প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা শুধু পানি চলাচলের পথ বন্ধ নয়, এটা কৃষকের জীবিকার ওপর সরাসরি আঘাত। এখনই ব্যবস্থা না নিলে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই শত একর জমির ফসল পানির নিচে তলিয়ে যাবে।
বক্তারা আরও বলেন, প্রভাবশালীদের অপরিকল্পিত বাড়ি নির্মাণ ও মাটি ভরাটের কারণে এই সংকট সৃষ্টি হয়েছে। প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় কৃষকরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।