মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে সক্রিয় একটি আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ সিরাজদীখান উপজেলার নিমতলা রেলস্টেশন পার্কিং এলাকা থেকে নিরব মন্ডল (২১) নামে এক যুবকের সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফিরোজ কবিরের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চোরচক্রটির সদস্যদের শনাক্ত করে।
অভিযানের অংশ হিসেবে গত ৭ এপ্রিল পদ্মা সেতু থানার মাওয়া পুরাতন ঘাট এলাকা থেকে নাসির শেখ (২৫)কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া সুজুকি জিক্সার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকা থেকে সাগর খান (৩০)কে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে একটি নম্বরবিহীন অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মোটরসাইকেলটি গত ১৬ মার্চ কেরানীগঞ্জ এলাকা থেকে চুরি হয়েছিল।
একই সূত্র ধরে টুটুল মৃধা (৪১)কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি লাল-কালো রঙের নম্বরবিহীন ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া এ মোটরসাইকেলটির প্রকৃত মালিকানা শনাক্তে কাজ ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে মোটরসাইকেল চুরি করে আসছিল। পরে এসব মোটরসাইকেলের নম্বরপ্লেট ও যন্ত্রাংশ পরিবর্তন করে বিক্রি করা হতো।
পুলিশ আরও জানায়, চক্রটির মূল সদস্য নাসির শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও মাদক সংক্রান্ত মোট ৯টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।