পটুয়াখালীতে কোস্ট গার্ডের পৃথক দুইটি যৌথ অভিযানে প্রায় ১ লাখ ৬ হাজার টাকা মূল্যের ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ এপ্রিল বিকেল ৫টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে সদর থানাধীন তিতাস মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় প্রায় ৮৩ হাজার ২০০ টাকা মূল্যের ২০৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অপরদিকে, ৮ এপ্রিল সকাল ১১টায় কোস্ট গার্ড, পরিবেশ অধিদপ্তর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে সদর থানাধীন চৌরাস্তা এলাকায় অবস্থিত ‘এস আর পার্সেল সার্ভিস’-এ আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে প্রায় ২২ হাজার ৭৫০ টাকা মূল্যের ৬৫ কেজি নিষিদ্ধ পলিথিনসহ এর মালিককে আটক করা হয়।
পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং সংশ্লিষ্ট পার্সেল সার্ভিসকে সতর্ক করা হয়।
জব্দকৃত পলিথিন ধ্বংসের জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।