মো: হোসেন ,মনপুরা (ভোলা)প্রতিনিধি:
ভোলার মনপুরা উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০২৬ সম্পন্ন হয়েছে। বুধবার (৮ এপ্রিল) উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়।
মেলায় উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি কলেজ অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন বৈজ্ঞানিক ডিভাইস, প্রযুক্তিনির্ভর মডেল এবং গবেষণামূলক প্রজেক্ট উপস্থাপন করে, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ ও প্রশংসা অর্জন করে।দর্শনার্থীরা জানান, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিভিত্তিক এসব প্রকল্প বাস্তবায়নের সুযোগ পেলে তা দেশের উন্নয়ন ও সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এ ধরনের আয়োজন তাদের সৃজনশীলতা বিকাশে সহায়ক এবং নতুন কিছু উদ্ভাবনের প্রতি আগ্রহ জাগিয়ে তোলে।পাপাশি বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রতি তাদের আগ্রহও বাড়ায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু মুছা বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে তথ্যপ্রযুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে পারলে ভবিষ্যতে তারা দেশের বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান দিতে সক্ষম হবে।
তিনি আরও জানান, বিজ্ঞান মেলাকে সপ্তাহব্যাপী করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে। ইতোমধ্যে মনপুরা থেকে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত হয়েছে এবং বরাদ্দ পাওয়া গেলে ওই প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় বিজ্ঞান সরঞ্জাম সরবরাহ করা হবে।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের বিজ্ঞানমুখী উদ্যোগ মনপুরার শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং তাদের সৃজনশীল বিকাশে ইতিবাচক ভূমিকা রাখছে।