নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার পূর্বধলায় কিশোরের বিরুদ্ধে ১০ বছরের এক শিশুকে বলাৎকার করার অভিযোগ ওঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে। বুধবার শিশুটির মা বাদী হয়ে পূর্বধলা থানায় অভিযোগ দায়ের করেছেন। এর আগে মঙ্গলবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু ওই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, একই এলাকার তানভীর আজান (১৬) কৌশলে শিশুটিকে তাদের বসতঘরে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক শিশুটিকে বলাৎকার করে। একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত কিশোর সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার পর শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে পরিবার তাকে বুধবার সকালে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, শিশুটি পায়ুপথে তীব্র ব্যথা অনুভব করছে এবং স্বাভাবিকভাবে বসতে বা শুতে পারছে না। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।