মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ
নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার’ স্লোগানকে সামনে রেখে নাটোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে স্কাউটস দিবস।
এ উপলক্ষে বুধবার (৮ এপ্রিল) সকালে স্কাউটস ভবন প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন।
জেলা স্কাউটস কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাতআরা ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার কাহারুল ইসলাম জয়, জেলা স্কাউটসের সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন এবং জেলা রোভার শাখার সম্পাদক জাকিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে শিক্ষার্থীদের স্কাউটিংয়ের মতো সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া প্রয়োজন। এতে ব্যক্তিজীবন গঠনের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আসে এবং দেশ উন্নতির পথে এগিয়ে যায়। তিনি স্কাউট আন্দোলনকে আরও বিস্তৃত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে সকালে স্কাউটস ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা ও স্কাউটস পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে আয়োজিত কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।