আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে ভোজ্য তেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে মানববন্ধন ও লিফলেট বিতরণ করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সেনবাগ উপজেলা কমিটি। বুধবার (৮ এপ্রিল ২০২৬) দুপুর আড়াইটার দিকে সেনবাগ থানা মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে ক্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে ক্যাবের জেলা কমিটি।মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্যাব জেলা কমিটির সাধারণ সম্পাদক রুমানা ইসলাম, সেনবাগ উপজেলা কমিটির সভাপতি মো. রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক রহমত উল্যাহ জসিম,
যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয়েল হোসেন, আইনবিষয়ক সম্পাদক মো. নুরুল হুদা শাহজাহান, ধর্মবিষয়ক সম্পাদক মো. রাইছুল ইসলাম মিঠু, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মো. জাকের হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মো. এমাম হোসেন ভূঁইয়া।
এছাড়া সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মো. হারুন, দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান হারুন এবং সমাজকল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. আবদুল মোতালেবসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন শেষে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম, সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম এবং সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশারের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক রাখা ও কৃত্রিম সংকট রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে বিভিন্ন দোকানপাটে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,
অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্য তেল উধাও হয়ে যাচ্ছে, ফলে ভোক্তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তারা অবিলম্বে বাজার মনিটরিং জোরদার, মজুতদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায্যমূল্যে ভোজ্য তেল সরবরাহ নিশ্চিতের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।