ইরফান উল্লাহ্, ইসলামী বিশ্ববিদ্যালয়:
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শাহজাহান আলী।
কমিটির অন্য সদস্যরা হলেন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল হক।
জানা যায়, গত ৩০ মার্চ রাতে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার’ নামক একটি ফেসবুক পেইজ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। এ ঘটনায় প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার সমন্বয়ে জরুরী এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন জাগো নিউজকে বলেন, ‘আমরা অবশ্যই বাকস্বাধীনতা চাই। কিন্তু এমন বাকস্বাধীনতা চাই না, যার মাধ্যমে মিথ্যা এবং ভুয়া তথ্য দিয়ে সাইবার বুলিং করা হবে এবং কুরুচিপূর্ণ মন্তব্য করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যে কুরুচিপূর্ণ পোস্ট করা হয়েছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।’
এসময় তিনি অতিদ্রুত তদন্তের রিপোর্ট প্রদান এবং ঘটনার সাথে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান।
এ ব্যাপারে তদন্ত কমিটির আহ্বায়ক ড. শাহজাহান আলী সংবাদ মাধ্যমকে বলেন, ‘গতকাল আমরা এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে চিঠি পেয়েছি। বিষয়টি নিয়ে দ্রুত বৈঠক ডাকা হবে। টেকনিক্যাল ও আইনি—দুই দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হবে। স্বচ্ছ প্রক্রিয়ায় তদন্ত করে দ্রুত সময়ের মধ্যেই রিপোর্ট প্রদানের চেষ্টা করব।’