সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (২০) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। আজ বুধবার ভোররাতে সীমান্তের ৮৭৪/৫-এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে আলী হোসেনসহ কয়েকজন ওই এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের কোচবিহার জেলার মেকলিগঞ্জ থানার অন্তর্গত বিএসএফ-এর ১৫৬ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।
বিএসএফ-এর গুলিতে আলী হোসেন ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং প্রাণ হারান। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ বিএসএফ-এর হেফাজতে রয়েছে।
তিস্তা ব্যাটালিয়ন-৬১ বিজিবি জানিয়েছে, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে বিএসএফ-এর সাথে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
সীমান্তে এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি’র পক্ষ থেকে সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।