রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আটক হওয়া এক সাংবাদিককে প্রায় ১৮ ঘণ্টা পর আদালতের মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
আটক সাংবাদিক সোহরাব হোসেন স্থানীয় একটি দৈনিকের দেবিদ্বার প্রতিনিধি এবং দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য। জানা যায়, সোমবার (৬ এপ্রিল) বিকালে উপজেলার একটি রাজনৈতিক কার্যালয়ের সামনে অবস্থানকালে পুলিশ সিআর মামলা নং-৫৭৩/২০২৫-এর একটি ওয়ারেন্ট দেখিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা শরীফ নিশাত কাগজপত্র পর্যালোচনা করে দেখেন, তার নামে কোনো বৈধ গ্রেপ্তারি পরোয়ানা নেই। পরে আদালত তাৎক্ষণিকভাবে তার মুক্তির নির্দেশ দেন।
ভুক্তভোগী সোহরাব হোসেন অভিযোগ করেন, জামিনে থাকা সত্ত্বেও তাকে মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে এবং ভুয়া ওয়ারেন্টের মাধ্যমে তার মানহানি ঘটানো হয়েছে। তিনি এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
এ বিষয়ে দেবিদ্বার থানার এসআই ভবতোষ কান্তি দে বলেন, আদালত থেকে প্রাপ্ত ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছিল, তবে পরে সেটি ভুল বলে জানা যায়। আদালতের পেশকার জসিম উদ্দিনও জানান, পরোয়ানাটি ভুলবশত থানায় পাঠানো হয়েছিল।
সংশ্লিষ্টদের মতে, ভুয়া ওয়ারেন্ট ও প্রশাসনিক ত্রুটির মাধ্যমে এ ধরনের হয়রানি উদ্বেগজনক এবং এটি সাধারণ মানুষের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।