বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারসহ নানা অনিয়মের দায়ে একটি ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানকালে ব্যবসায়ী আহমদ শরীফ দেলোয়ারের মালিকানাধীন ‘ববি এন্ড ব্রাদার্স ডায়াগনস্টিক সেন্টার’-এ ওষুধ সংরক্ষণের ফ্রিজে খাবার রাখা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার এবং একই কন্টেইনারে একাধিক রোগীর নমুনা সংগ্রহের মতো গুরুতর অনিয়ম ধরা পড়ে।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউএনও গালিব চৌধুরী বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।