মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগর এলাকায় সড়ক দুর্ঘটনায় সোহাগ মিয়া (২৭) নামে এক গার্মেন্টস কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে কোনাবাড়ী কলেজ গেট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে সোহাগ মিয়া সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সোহাগ মিয়ার বাড়ি নেত্রকোণার দুর্গাপুর উপজেলার রামপুর গ্রামে। তার পিতার নাম জব্বার আলী। তিনি কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ‘লিবার্টি নিটওয়্যার লিমিটেড’ কারখানায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সোহাগ মিয়া মোটরসাইকেলে চন্দ্রা থেকে গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা ট্রাকটি তাকে ধাক্কা দেয়।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।