মহরম হাসান ,খুলনা
নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা-এর শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে খুলনা সিটি বাইপাস সড়ক এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দেড় শতাধিক াশিক্ষার্থী ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন এবং সড়কে অবস্থান নিয়ে তাদের দাবি তুলে ধরেন।
শিক্ষার্থীরা জানান, ব্যস্ত এই সড়কে দ্রুতগতির যান চলাচলের কারণে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়, যা তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে দ্রুত স্পিডব্রেকার (গতিবোধক) স্থাপন এবং একটি ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এখানে পড়াশোনা করতে আসি, প্রাণ হারাতে নয়। কিন্তু প্রতিদিন এই সড়ক পার হওয়া আমাদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী সমাধানের সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
এ সময় শিক্ষার্থী রাসেল কবির হুঁশিয়ারি দিয়ে বলেন,নর্দান ইউনিভার্সিটি সিটি বাইপাসের সাথেই থাকায় শিক্ষার্থীদের রাস্তা পারাপার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যে ক্যাম্পাসের সামনে কয়েকটি দূর্ঘটনা ঘটেছে। সড়ক বিভাগকে অবগত করলেও তারা উল্লেখযোগ্য কোন পদক্ষেপ এখনো নেয়নি। আগামী ১৫ কর্ম দিবসের মধ্যে ক্যাম্পাসে সামনে মেইন রোডে, সতর্কতা মূলক সাইনবোর্ড ও গাড়ির গতি সিমা কমিয়ে পুনরায় সাইনবোর্ড দিতে হবে।অন্যথায় শিক্ষার্থীর রাস্তায় নামতে বাধ্য হবে।
তবে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।