মোঃ মনিরুজ্জামান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় তিনজন সার ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সারের কৃত্রিম সংকট সৃষ্টি করায় এবং বিক্রিতে অনিয়মের অভিযোগে এসব ডিলারদেরকে জরিমানা করা হয়। সোমবার দুপুরে এই অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে এসব ডিলাররা অনিয়ম করে আসছে বলে অভিযোগ কৃষকদের। তাই এ ঘটনায় উপজেলার কৃষকরা স্বস্তি প্রকাশ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভাঙ্গুড়া বাজারের ডিলার হোসেন হায়দার এবং শরৎনগর বাজারের ডিলার মিজানুর রহমান গুদামে সার মজুদ রেখেছেন। কিন্তু তারা সারের কৃত্রিম সংকটের কথা বলে কৃষকদের কাছে সার বিক্রি করেন না। এ অবস্থায় কৃষকরা উপজেলা কৃষি অফিসে অভিযোগ করেন।
এছাড়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রি করেন ভাঙ্গুড়া বাজারের ডিলার জায়েদ হায়দার। এসব অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় এদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ভ্রাম্যমান আদালতে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান।
উল্লেখ্য, কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(ঠ) ধারা লঙ্ঘনের দায়ে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় এই জরিমানা করা হয়।
ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।