মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসনগর সেতু মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বাজারে অতিরিক্ত দামে পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগ ছিল। অভিযোগের সত্যতা যাচাই করতে ওসি নিজেই ক্রেতা সেজে সংশ্লিষ্ট দোকানে যান। এ সময় তিনি প্রতি লিটার অকটেনের দাম ২৫০ টাকা চাওয়া হলে অভিযোগের প্রমাণ পান এবং সঙ্গে সঙ্গে অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করেন।
পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারিকে বিষয়টি জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে খাসনগর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ব্যবসায়ী জাকির হোসেন (৫৫)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রির জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। ভবিষ্যতে একই ধরনের অপরাধ পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পুলিশ জানায়, ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।