ফয়সাল আহমাদ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজারে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল (নমুনা) ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দকৃত অবৈধ ওষুধগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।
রবিবার দুপুরে শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ এবং বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ রাখার দায়ে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনে তিন এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওষুধ কোম্পানিগুলো চিকিৎসকদের জন্য বিনামূল্যে যেসব স্যাম্পল বা নমুনা ওষুধ প্রদান করে, সেগুলো আইনত বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। একটি চক্র জনস্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে এসব স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজারে বিক্রি করে আসছিল।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন-”জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। প্রথমবার হওয়ায় সতর্কতামূলকভাবে তুলনামূলক কম জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে অর্থদণ্ডের পাশাপাশি অভিযুক্তদের কারাদণ্ড প্রদান করা হবে।”