পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ১২ কেজি গাঁজাসহ এক নারীসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) বিকেলে মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—মো. রফিক হাওলাদার (৪২) ও মো. কুদ্দুস হাওলাদার (৩৫)। তারা উভয়েই মৃত হাসেম হাওলাদারের ছেলে এবং মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামের বাসিন্দা। এছাড়া অপর দুইজন হলেন মো. শাহ আলম (২০) ও মোছা. শারমিন বেগম (১৯)। তারা মৃত আলম গাজীর সন্তান এবং লালুয়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।