মোঃ হাচান আল মামুন , দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
আসন্ন পার্বত্য অঞ্চলের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসব বিঝু উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ৯টি বিঝু উদযাপন কমিটির মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে দীঘিনালা জোন।
রবিবার (৫ এপ্রিল ২০২৬) দীঘিনালা জোনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়। উৎসবকে সুষ্ঠু, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে এ অনুদান দেওয়া হয়েছে বলে জানানো হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল আমিন (এসইউপি, পিএসসি), মেজর শিহাবুন সাকিব রুশাদ (পিএসসি), ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমী এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ জয়নুল আবেদিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিঝু উৎসব সকল জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি, সহাবস্থান ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেনাবাহিনীর এ ধরনের সহায়তা স্থানীয় জনগণের উৎসব উদযাপনকে আরও উৎসাহিত করবে এবং সামাজিক বন্ধনকে সুদৃঢ় করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বিভিন্ন বিঝু উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে দীঘিনালা জোনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।