শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের দুগালি গ্রামে এক বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুগালি গ্রামের মধ্যবয়সী বাক প্রতিবন্ধী নারী শাহিনুর (৩৬) অভিযোগ করেন, চর দুগালি গ্রামের আলিমুদ্দিন বেপারীর ছেলে শাজাহান বেপারী তাকে নিজ বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
ঘটনাটি অভিযুক্তের এক আত্মীয়ের মাধ্যমে ফাঁস হয়ে গেলে মুহূর্তের মধ্যে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। এতে গ্রামবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা দ্রুত বিচার দাবিতে সোচ্চার হয়ে ওঠে। একপর্যায়ে অভিযুক্ত ও তার স্বজনরা বিষয়টি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা চালায়।
এ ঘটনায় গত ২৬ মার্চ বিকেলে দুগালি উচ্চ বিদ্যালয় মাঠে সালিশ বসার দিন নির্ধারণ করা হয়। উভয় পক্ষের লোকজন উপস্থিত থাকলেও রহস্যজনক কারণে শেষ পর্যন্ত সেই সালিশ ভেস্তে যায়।
অভিযোগের বিষয়ে ভুক্তভোগী প্রতিবন্ধী নারীর সঙ্গে কথা বললে তিনি ইশারার মাধ্যমে ঘটনার বিবরণ তুলে ধরেন বলে জানা গেছে।
অন্যদিকে অভিযুক্ত শাজাহান বেপারী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি সম্পূর্ণ নির্দোষ। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। বিগত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।”
এ ঘটনায় এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন স্থানীয়রা।