সাইফুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী):
পটুয়াখালীর মহিপুরে জেলেদের জালে ধরা পড়েছে বড় আকারের প্রায় অর্ধশত রুপসা মাছ। দীর্ঘদিন পর কুয়াকাটা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে একসঙ্গে এত রুপসা মাছ ধরা পড়ায় স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে মহিপুর মৎস্য বন্দরের লাবিব এন্টারপ্রাইজ নামের একটি আড়তে মাছের চালানটি নিয়ে আসেন ট্রলারের মাঝি কায়েস ও তার সহযোগীরা। বন্দরে মাছগুলো আনার পর তা দেখতে জেলে, আড়তদার ও ক্রেতাদের ভিড় জমে যায়।
জানা গেছে, কায়েস মাঝির জালে ধরা পড়া ৪৮টি রুপসা মাছের মোট ওজন প্রায় নয় মণ। পরে মাছগুলো নিলামে তোলা হলে মৎস্য বন্দরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিলাম শেষে প্রতি মণ ৯ হাজার টাকা দরে মাছগুলো বিক্রি হয়।
লাবিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আরিফ খলিফা জানান, মহিপুর বন্দরে সাধারণত এই ধরনের মাছ খুব একটা দেখা যায় না। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া কায়েস মাঝির জালে হঠাৎ করেই বিপুল পরিমাণ এই মাছ ধরা পড়ে।
মৎস্য বন্দরে মাছগুলো তোলার পর পাইকারি বাজারে ভালো দামে বিক্রি হয়েছে। বিরল ও সুস্বাদু হওয়ায় স্থানীয় বাজারে এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে। আড়ৎদারদের মতে, একসঙ্গে এত মাছ ধরা পড়ায় জেলেরা বেশ লাভবান হবেন।
ট্রলারের মাঝি কায়েস বলেন, প্রায় দুই মাস পর সাগরে এমন ভালো মাছের দেখা পেয়েছি। অনেকদিন ধরে অভাব-অনটনের মধ্যে ছিলাম। এই মাছগুলো পাওয়ায় আমাদের দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। তবে জ্বালানি তেলের সংকট থাকায় পরবর্তী ট্রিপে যেতে পারব কি না, তা নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সমুদ্রে বর্তমানে কিছু প্রজাতির মাছের উপস্থিতি বাড়ছে। এটি জেলেদের জন্য ইতিবাচক দিক। তবে টেকসইভাবে মাছ আহরণ নিশ্চিত করতে নিয়ম মেনে মাছ ধরার আহ্বান জানানো হচ্ছে।