সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক কলহ আজ এক মর্মান্তিক হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। আপন চাচার লাঠির আঘাতে গুরুতর আহত ভাতিজা আকতারুজ্জামান (২৭) চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব ফকিরপাড়া এলাকায় রফিকুল ইসলামের পুত্র আকতারুজ্জামানের পরিবারের সঙ্গে তার চাচাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিশেষ করে নানী ও নিজের বাড়ির ভিটার জমি নিয়ে এই দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছায়।
গত বৃহস্পতিবার দুপুরে সেই পুরনো বিবাদের জেরে চাচা ও চাচাতো ভাইয়েরা সংঘবদ্ধ হয়ে আকতারুজ্জামানের ওপর অতর্কিত হামলা চালায়। হামলা চলাকালে চাচার লাঠির আঘাতে আকতারুজ্জামান মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান।
আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় ১২ ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার ভোররাতে তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সাথে এলাকাবাসীও এই বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচার চেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।