মাসুম হোসেন , শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর বাজারে চাঁদার দাবিতে দুই কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
(২ এপ্রিল) বৃহস্পতিবার শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—পৌরসভার দাবারিয়া মহল্লার চেনি (৪০) ও জালাল (৩০)।
এর আগে বুধবার (১ এপ্রিল) দুপুরে দ্বারিয়াপুর বাজারে ব্যবসায়ী মানিক মিয়া (৫২) ও তাঁর ছেলে অন্তর (২৫) সশস্ত্র সন্ত্রাসীদের হামলার শিকার হন।
সংবাদ সম্মেলনে ওসি সাইফুল ইসলাম জানান, ওই হামলার ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। সন্ত্রাসীরা যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে কাপড় ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) শাহজাদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের সাধারণ মানুষ। মানববন্ধনে বক্তারা বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাদপুরে চাঁদা না পেয়ে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী ও তাঁর ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, পূর্বপরিকল্পিতভাবে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে এই নৃশংস হামলা চালায় গ্যাংয়ের সদস্যরা।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সার্কেল এসপি হাফিজুর রহমান এবং শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। এ সময় তাঁরা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।
পরিদর্শনকালে সার্কেল এসপি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজদের কোনোভাবেই শাহজাদপুরে জায়গা দেওয়া হবে না। এসব অপতৎপরতার বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।”
বর্তমানে এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে এবং স্থানীয়দের মাঝে নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।