মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরের পূবাইল এলাকায় মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে মেসার্স তুরাগ ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে মিরের বাজার এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় এনএসআই, বিজিবি এবং গাজীপুর জেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম।
অভিযানকালে দেখা যায়, ফিলিং স্টেশনটিতে পর্যাপ্ত তেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখা হয়েছে। এছাড়া আরও বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং অবৈধভাবে তেল মজুদ ও বিক্রি বন্ধ রাখার দায়ে এই জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।